কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটি স্টেশনের অদূরে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
ট্রেনে থাকা একাধিক যাত্রী জানান, ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটের পর নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। অন্যান্য সময়ের চেয়ে এদিন ট্রেনের গতি বেশি ছিল। নাওটি স্টেশন পার হওয়ার পর ট্রেনটির তিনটি বগি বাজেভাবে লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় ট্রেনে হুড়োহুড়ি শুরু হয়। একাধিক যাত্রীর হাত-পা, মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত পান। এছাড়া কয়েকজনের মাথা ফেটে যায়। হুড়োহুড়ি করতে গিয়ে আহত হন আরও কয়েকজন যাত্রী।
ট্রেনে থাকা যাত্রী নাহিদা আক্তার বলেন, চলতি পথে হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়ে। কয়েকজন পদপিষ্ট হয়। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখি ধোঁয়া বের হচ্ছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবরটি পেয়েছি। হতাহতের খবর সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারিনি। একটু পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে।