ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলের লাউডস্পিকারে গান বাজানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধরমন্ডল গ্রামের ইয়াসিন প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে মোবাইলে লাউডস্পিকারে গান বাজিয়ে যাওয়ার সময় প্রতিবেশী বাবলা এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এবিষয়টি বৃহস্পতিবার বিকালে স্থানীয়ভাবে মিমাংসা করতে গেলে একপর্যায়ে উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।
নাসিরনগর থানার ওসি শাহীনুর ইসলাম জানান, মোবাইলের লাউডস্পিকারে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ২০/ ২৫জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।