দুস্থদের সহায়তা, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও বৃক্ষরোপণে মান্দায় বিশেষ কর্মসূচি
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড বক্স প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় মান্দা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ৫৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইকরামুল বারী টিপু। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এ সময় উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, শিক্ষক নেতা নাসির উদ্দিন সরদার, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিক, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা হলরুমে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবার জন্য ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়।
এছাড়া, সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি নিমগাছ (জিয়া ট্রি) রোপণ করেন প্রধান অতিথি। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষের কল্যাণে সামাজিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।







