কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার নাসিরাবাদ এলাকার মৃত আ. আজিজের ছেলে মো. ফিরোজ (৪৬) ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের মৃত দুলাল গাজীর ছেলে মো. মিলন গাজী (৩৮)।
দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমরা টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালাই। এ সময় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।