ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন কয়েক লাখ বাসিন্দা
মার্কিন নিষেধাজ্ঞার প্রত্যাহারের মধ্যে ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় এক নারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৬০ জন। এসব হামলায় দুটি শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দশ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) নয়টি অঞ্চলে এই হামলা চালানো হয় বলে দাবি করছেন দেশটির কর্মকর্তারা। গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। এছাড়াও ১২ জন আহত হয়েছেন।
দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে দুজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন। পোল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর রোমান রোমানিউক।
এছাড়া কিয়েভ থেকে পোল্যান্ডগামী প্রধান সড়কের ওপর অবস্থিত কোভেল শহরে ড্রোন হামলায় একটি কাস্টমস টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়। আঞ্চলিক গভর্নর ওলেকসান্দ্র কোভাল জানিয়েছেন, রিভনে শহরে ড্রোন হামলায় একটি বড় শপিং সেন্টারসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে; এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
সম্মুখসারির কাছাকাছি সুমি শহরেও একটি শপিং সেন্টারে হামলা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিদ্যুৎহীন হয়ে পড়া দশ লাখেরও বেশি মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হয়েছে। ভোলিন অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল, যার মধ্যে অন্তত ১ লাখ পরিবারের বিদ্যুৎ সংযোগ এরইমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে।
মেয়র আন্দ্রি রাজুমোভস্কি জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী লুটস্কে বিদ্যুৎহীন অবস্থা অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে। রিভনের বড় একটি অংশও বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাশিয়ার সামরিক প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার বিরুদ্ধে আকাশপথে অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সামরিক সম্পদ মোতায়েন করা হয়েছে।
এদিকে শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, গত মাসে ইউক্রেনে অন্তত ৩২৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২,১০৫ জন আহত হয়েছেন। যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৮৫ শতাংশ বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ২,৫৭০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৫,২১১ জন আহত হয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি এবং ২০২৪ সালের সংখ্যার দ্বিগুণেরও বেশি। ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেন, অক্টোবরের প্রথম দুই সপ্তাহ ছিল গত কয়েক বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময়গুলোর একটি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট মস্কোর ওপর আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার স্থগিতের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই স্বাক্ষরের কয়েক ঘণ্টার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার সমর্থনে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন।
সূত্র: রয়টার্স, আলজাজিরা।
বিডি প্রতিদিন/আরকে