যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল
মার্কিন সরকারের অনুরোধে এক মাস পিছিয়ে যাওয়ার পর অবশেষে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) তাদের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত এআই মডেল ‘জিপিটি-৫.৬’ প্রকাশ্যে আনতে যাচ্ছে ওপেনএআই।
শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার অপব্যবহার হতে পারে—এমন জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে গত মাসে এর মুক্তি স্থগিত করা হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাক্সিওস-এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র এবং চীন অত্যাধুনিক এআই মডেল তৈরির প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি জটিল ও কয়েক দশকের পুরোনো প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভরশীল খাতগুলোতে অত্যন্ত পরিশীলিত ও বড় ধরনের সাইবার হামলাকে নাটকীয়ভাবে ত্বরান্বিত করতে পারে।
চীন, রাশিয়া বা অন্যান্য দেশের সামরিক বা গোয়েন্দা সংস্থাগুলো যাতে এই উন্নত এআই প্রযুক্তির অপব্যবহার করতে না পারে, সেজন্য ওয়াশিংটন উন্নত মডেলগুলোর মুক্তির ওপর স্ক্রিনিং বা নজরদারি বাড়িয়েছে।
অন্যদিকে, চীনা কর্তৃপক্ষও সেদেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছে, যাতে চীনের সবচেয়ে উন্নত এবং এখনো মুক্তি না পাওয়া এআই মডেলগুলোর বিদেশি অ্যাক্সেস সীমিত করা যায়।
আরও পড়ুনআরও পড়ুনএকই সময়ে সূর্যের আলো পাবে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ
এর আগে, গত ১২ জুন মার্কিন সরকারের রপ্তানি নিয়ন্ত্রণ আদেশের পর ওপেনএআই-এর প্রধান প্রতিদ্বন্দ্বী ‘অ্যানথ্রপিক’ তাদের সবচেয়ে উন্নত মডেল—‘মিথোস ৫’ এবং ‘ফেবল ৫’ আকস্মিকভাবে সমস্ত ব্যবহারকারীর জন্য নিষ্ক্রিয় করে দিয়েছিল।
তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বা সেফগার্ড নিশ্চিত করার পর গত সপ্তাহে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ও বৈঠকের পর ট্রাম্প প্রশাসন ‘জিপিটি-৫.৬’ মডেলটি বড় পরিসরে উন্মুক্ত করার অনুমোদন দিয়েছে। অবশ্য এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এতদিন ওপেনএআই কেবল অল্প কিছু যাচাইকৃত পার্টনারদের এই মডেলটি ব্যবহারের অনুমতি দিয়েছিল, যাদের বিস্তারিত তথ্য সরকারের সঙ্গে শেয়ার করা হয়েছিল।
ওপেনএআই গত মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, তারা তাদের সবচেয়ে শক্তিশালী মডেল ‘জিপিটি-৫.৬’-এর পাশাপাশি কম খরচের দুটি সংস্করণ ‘টেরা’ এবং ‘লুনা’ বাজারে ছাড়বে।
এদিকে, এই ঘোষণার পরপরই বুধবার (৮ জুলাই) ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্সএআই-এর তৈরি শীর্ষস্থানীয় এআই মডেল ‘গ্রোক ৪.৫’-ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
সূত্র: রয়টার্স