ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
দৈনিক আজকের দিন
এবার মির্জাপুরে সড়কের পাশে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

এবার মির্জাপুরে সড়কের পাশে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। রোববার (২৫ অক্টোবর) সকালে মহাসড়কের মির্জাপুর উপজেলার মনসুর ধুল্যা এলাকায় সড়কের পাশে এসব ওষুধ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অনেক সময় পর্যাপ্ত ওষুধ পাওয়া যায় না। অথচ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর এসব ওষুধ যমুনা নদীসহ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হচ্ছে। এতে সরকারি ওষুধের যথাযথ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে গত ২৭ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যের সরকারি ওষুধ রাতের আধারে পিকআপ ভ্যানে যমুনা নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। পরে ভুয়াপুর থানা পুলিশ পিকআপ ভ্যানের চালক ও মালিক আজমতকে আটক করে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন হলে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আবু নইম মো. সোহেলকে ওএসডি করা হয় এবং অফিস সহকারী মো. ফরহাদকে নরসিংদী জেলার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাস্তিমূলক বদলি করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার মির্জাপুরে সরকারি ওষুধ মহাসড়কের পাশে দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি স্বাস্থ্য বিভাগের সিলসহ বিভিন্ন ওষুধপত্র রাস্তার পাশে পরে রয়েছে বলে জানতে পেরেছি। মির্জাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে। কোনো অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই। কে বা কারা মহাসড়কের পাশে সরকারি ওষুধ ফেলে গেছে আমার জানা নেই। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।