ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
দৈনিক আজকের দিন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতাদের একাংশ

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতাদের একাংশ

রাজধানীর মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ জন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিরপুর ক্রাইম ডিভিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, মিরপুর মডেল থানা থেকে ৪১ জন, পল্লবী থানা থেকে ৪২ জন, কাফরুল থানা থেকে ৮ জন, দারুস সালাম থানা থেকে ৯ জন, শাহআলী থানা থেকে ৫ জন, ভাষানটেক থানা থেকে ৬ জন এবং রূপনগর থানা থেকে ৯ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের মধ্যে সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী চক্রের সদস্য, বিভিন্ন নিয়মিত ও পূর্বের মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদককারবারি ও মাদকসেবী রয়েছে। এছাড়াও অভিযানের সময় বিভিন্ন অপরাধে ব্যবহৃত আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন থানার অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মিরপুর ক্রাইম ডিভিশন জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধ এবং পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাবেক সংসদ সদস্য মো: ওমর ফারুক সুমন

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় মো: ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। তিনি নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য। আজ বুধবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জামসেদ আলম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনকালে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে ‘ময়ূর ভিলা’র সামনে গুলিবিদ্ধ হয়ে হত্যাচেষ্টার শিকার হন মো: সোহেল রানা। দীর্ঘদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সুস্থ হয়ে ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। উল্লেখ্য, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। সূত্র : বাসস

সাবেক সংসদ সদস্য মো: ওমর ফারুক সুমন