পাটগ্রাম সীমান্তে ১২ ভারতীয় গরু ও নসিমন আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু ও একটি মেশিনচালিত নসিমন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে ৬১ বিজিবি।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ঝালংগী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝালংগী দাঙ্গারবাড়ি এলাকায় অভিযান চালায়। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারদহ পাকা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে।
পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় মোট ১২টি ভারতীয় গরু ও একটি মেশিনচালিত নসিমন আটক করা হয়। আটক গরুসহ মালামালের মোট সিজার মূল্য ১১ লাখ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনুল ইসলাম পিএসসি, ইঞ্জি. সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।