আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের সোবহানা
আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি। নারীদের বিভাগে তার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ভারতের দীপ্তি শর্মা ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। ছেলেদের বিভাগে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন, পাকিস্তানের আরাফাত মিনহাস ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।
অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে মনোনয়ন পেয়েছেন সোবহানা। ব্রিসবেনে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো নারী ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। খেলেন ১৩৪ বলে ১১৮ রানের ইনিংস। সিরিজে মোট ১২৯ রান করেছেন সোবহানা। তার স্ট্রাইক রেট ছিল ৭৩.৭১।
নারীদের বিভাগে মনোনয়ন পাওয়া ভারতের দীপ্তি শর্মা জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অপরাজিত ১০৬ রান করেন। তিন ম্যাচের সিরিজে ভারত প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে। দীপ্তি ওই সিরিজে ৩.৪২ ইকোনমি রেটে নিয়েছেন ৫ উইকেট। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩৭ বলে করেন ৪৯ রান। অফ স্পিনে নিয়েছেন ২ উইকেট। এর আগে নারী বিভাগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।
অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডও ব্যাট ও বল—দুই বিভাগেই ভালো করেছেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার ৩-০ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সিরিজে ১৩২ স্ট্রাইক রেটে ৯৯ রান করার পাশাপাশি ৪.১২ ইকোনমি রেটে নিয়েছেন ৬ উইকেট। প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি তৃতীয় ম্যাচে অপরাজিত ৭৪ রান করেন সাদারল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অবশ্য তাঁর ব্যাট থেকে এসেছে ১৯ রান। নিয়েছেন ১ উইকেট।
ছেলেদের বিভাগে মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন অক্টোবর মাসে ব্যাট হাতে করেছেন ১৯৮ রান। বাঁহাতি পেস বোলিংয়ে নিয়েছেন ১৩ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি প্রথম ইনিংসে ৩৩ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে ১ উইকেট নেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। এ পারফরম্যান্সে আইসিসি টেস্ট বোলার ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি। ২০২৪ সালে কাগিসো রাবাদার পর দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ইয়ানসেন। আর অলরাউন্ডারদের তালিকায় দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে শীর্ষে উঠেছেন ২০১৪ সালের আগস্টে ভারনন ফিল্যান্ডারের পর।
পাকিস্তানের ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আরাফাত মিনহাস মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে। স্বাগতিক পাকিস্তান সিরিজটি জেতে। সিরিজসেরাও হন আরাফাত। ১১৯.২০ স্ট্রাইক রেটে ১৪৯ রান করার পাশাপাশি ৫.১৩ ইকোনমি রেটে নিয়েছেন ৯ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৫৯ রান ও ৪০ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান তিনি। লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৩১ বলে করেন ৬১ রান।
ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটসম্যান শাই হোপও অক্টোবর মাসে ছিলেন দুর্দান্ত ফর্মে। এ সময়ে তিনটি অপরাজিত সেঞ্চুরি করেছেন তিনি। ভারতের বিপক্ষে নিউ চণ্ডীগড়ে শেষ ওয়ানডেতে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান হোপ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেন ২৬১ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯০.৫১। সিরিজের দ্বিতীয় ম্যাচে রাঁচিতে এবং চতুর্থ ম্যাচে হায়দরাবাদে একই রকম ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ছেলেদের ও মেয়েদের বিভাগে মনোনীত ছয় ক্রিকেটারের মধ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন মাসসেরা।