বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাঁদের উচ্চতার পার্থক্যও বহুবার আলোচনায় উঠে এসেছে। এবার সেই উচ্চতার প্রসঙ্গেই এক
মজার স্মৃতির কথা শোনালেন অমিতাভ। জানালেন, এক সময় তাঁকে ‘লম্বুজি’ বলে ডাকতেন জয়া। কিন্তু পুত্রবধূর মুখে এই সম্বোধন একেবারেই পছন্দ ছিল না অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চনের। শেষ পর্যন্ত তিনিই জয়ার সেই ডাক বন্ধ করে দিয়েছিলেন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র একটি পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রণবীর কাপুর, রবি দুবে ও সাই পল্লবী। তাঁদের আসন্ন ছবি ‘রামায়ণ’-এর প্রচারে এসেছিলেন তিন জন। সেখানেই বচ্চন পরিবারের সদস্যদের উচ্চতা নিয়ে আলোচনা শুরু হয়। এরপরই জয়ার সেই পুরোনো ডাক-এর প্রসঙ্গ তোলেন অমিতাভ। অভিনেতা জানান, বহু বছর ধরে জয়া তাঁকে ‘লম্বুজি’ বলে সম্বোধন করতেন। কিন্তু এক দিন তাঁর বাবা বিষয়টি নিয়ে আপত্তি জানান। জয়ার উদ্দেশে তাঁর নির্দেশ ছিল, অমিতাভকে ওই নামে ডাকা চলবে না। হয় তার নাম ধরে ডাকতে হবে, নয়তো অন্য কোনো সম্বোধন ব্যবহার করতে হবে। অমিতাভের কথায়, “অনেক বছর ধরে ও আমাকে ‘লম্বুজি’ বলে ডাকত। পরে বাবুজি ওকে বলেছিলেন, ‘দেখো, ওকে এভাবে ডেকো না। হয় ওর নাম ধরে ডাকো, নয়তো অন্য কোনো নামে ডাকো।’ তারপর থেকে ও আমাকে নাম ধরেই ডাকতে শুরু করে।”