ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। ডিসেম্বর মাসে আমরা মাঠে থাকব, আমাদের জনগণ মাঠে থাকবে।
আজ শুক্রবার রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
সরকার আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, তবে সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে। গত আট মাসে মামলার বিচারপ্রক্রিয়ায় আপস করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মামলা-বাণিজ্য হয়েছে।
জয়পুরহাট জেলা এনসিপির উদ্যোগে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জু।
সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। এ ছাড়া জেলা এনসিপির সদস্যসচিব ইসমাইল হোসেন হাদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় চার জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে দলের প্রস্তুতি, পরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।