ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
দৈনিক আজকের দিন
সৌরবিদ্যুৎ খাত সম্প্রসারণে সহজ অর্থায়ন ও নীতি সহায়তায় গুরুত্ব সরকারের

সৌরবিদ্যুৎ খাত সম্প্রসারণে সহজ অর্থায়ন ও নীতি সহায়তায় গুরুত্ব সরকারের

সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে নীতিগত সহায়তা ও প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে অর্থায়নের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।  বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর সমাপনী দিনের এক সেমিনারে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এ কথা বলেন। ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে গতকাল শুরু হয় এই সোলার এক্সপো। দু’দিনব্যাপী প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার আন্তরিক। এ খাতের উন্নয়নে সেমিনারগুলোতে উঠে আসা সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সোলার এক্সপোতে ব্যাপক সাড়া দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যুৎ সচিব বলেন, সৌরবিদ্যুৎ খাতে এ শুভ সূচনাকে বাস্তব অগ্রগতিতে রূপ দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ‘বাংলাদেশের সোলার বিপ্লবের জন্য নীতি, জনশক্তি ও মূলধন’ প্রতিপাদ্যে বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড যৌথভাবে এ এক্সপোর আয়োজন করে। এক্সপোর অংশ হিসেবে আয়োজিত চারটি বিশেষায়িত সেমিনারে সৌরবিদ্যুৎ খাতের নীতিগত পরিবেশ, সরকারি ভবনে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, আবাসিক ও শিল্প খাতে সৌরবিদ্যুতের ব্যবহার এবং বিনিয়োগে অর্থায়নের সুযোগ নিয়ে আলোচনা হয়। সেমিনারগুলোতে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে কর ও শুল্ক-সুবিধা অব্যাহত রাখা, স্বল্প সুদের ঋণ ও বিকল্প অর্থায়নের ব্যবস্থা করা, সৌরবিদ্যুৎ প্রকল্পে বেসরকারি মূলধন আকৃষ্ট করা এবং কার্বন ক্রেডিট থেকে আয় করার সুযোগ তৈরির সুপারিশ করা হয়। এছাড়া সরকারি ভবনে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের আগে ভবনগুলোর তালিকা তৈরি ও কাঠামোগত সক্ষমতা যাচাই, বেসরকারি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি অর্থ পরিশোধের নিশ্চয়তা এবং সৌরবিদ্যুৎ স্থাপন ও রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিল্প ও আবাসিক খাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে উন্নতমানের সরঞ্জাম আমদানি, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের ব্যবহার, নেট মিটারিং সহজ করা এবং বিক্রয়োত্তর সেবা জোরদারের সুপারিশও উঠে আসে। সেমিনারগুলোতে আলোচকরা বলেন, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ২০২৬-২০৩০ যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। পাশাপাশি গ্রিডে সৌরবিদ্যুতের সংযোগ বাড়াতে প্রয়োজনীয় সক্ষমতা তৈরি এবং সৌরবিদ্যুৎ সরঞ্জামের মান নিশ্চিত করা প্রয়োজন। এক্সপোতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, সোলার মডিউল ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শন করে। এতে সরকারি সংস্থা, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী, এক্সপোতে ৮০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও স্টল, ৫ শতাধিক প্রতিনিধি এবং ৫ হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থী অংশ নেয়। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। সমাপনী দিনে এক্সপোর স্পনসর ও স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের পরিবেশবান্ধব গাছ সম্মাননা স্মারক হিসেবে দেওয়া হয়।